
ওপার বাংলায় দুদিন কাটিয়ে দেশে প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গে দুইদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলকাতা থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে শুক্রবার সকালে দুই দিনের সফরে কলকাতা যান শেখ হাসিনা। সেখানে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেন তিনি।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
সফরের প্রথম দিন শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর বিকালে কলকাতায় ফিরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা।
পরদিন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিশেষ সমাবর্তনে শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয়।
সফরে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়ের একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি। দুই দেশের কর্মকর্তারাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি।
বৈঠকে তিস্তা চুক্তি, রোহিঙ্গ প্রত্যাবাসনে ভারতের কাছে সহযোগিতা চেয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছিলেন, সফরের তিস্তা চুক্তির আলোচনা এজেন্ডায় নেই। তবে, আলোচ্যসূচিতে তিস্তা চুক্তির বিষয়টি না থাকলেও এ বিষয়ে অগ্রগতি আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময় মতো সেটা বলা হবে। শনিবার ঢাকার সাভারের সাভারের আশুলিয়ার বাইপাইলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সফরে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, মসিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান খান, নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সফরে সঙ্গী হন।
এছাড়া ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগ নেতা দীপু মনি ও শেখ হেলাল উদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের দলে।



