ভারত

তিন অবিজেপি রাজ্যের পরিসংখ্যানকে হাতিয়ার প্রধানমন্ত্রীর

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:কর্মসংস্থান নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে তাঁদের জবাব দিতে অবিজেপি রাজ্যের খতিয়ানকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস বলছে, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে প্রতি বছর দু’কোটি কর্মসংস্থান হবে। আর ২০১৯-এর লোকসভা ভোটের একবছর আগে সেই মোদী বলছেন, পকোড়া বিক্রিও কর্মসংস্থান।
এই পরিস্থিতিতে মানুষের রুজি রুটি নিয়ে তাঁর দিকে ধেয়ে আসা এই আক্রমণের জবাব দিতে গিয়ে বুধবার লোকসভায় অবিজেপি রাজ্যের খতিয়ানকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। বললেন, পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, কেরলের রাজ্য সরকারের দাবি ৩-৪ বছরে এক কোটি চাকরি হয়েছে। সেটাও কি মানবেন না? এটা কি দেশের চাকরি নয়?

কয়েকদিন আগেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে এই দাবি শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বলেছিলেন, ৬ বছরে ৮১ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। কেন্দ্রের থেকে বেশি।
অনেকে কটাক্ষের সুরে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান নিয়ে যে দাবি করেছিলেন, তাকে হাতিয়ার করেই এবার নিজের দিকে ধেয়ে আসা আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। তবে এখানে না থেমে বেসরকারি সংস্থা, ব্যবসার পরিসংখ্যানও টেনে আনেন তিনি। বলেন, বেসরকারি সংস্থায় ৯০ শতাংশ কর্মসংস্থান হয়। দেশে তিন কোটি নতুন উদ্যোগপতি তৈরি হয়েছে। নতুন প্রজন্ম চাকরির ভিক্ষা চায় না। নতুন প্রজন্ম ব্যবসা করতে চায়। তাঁদের ঋণ দিয়েছে বিজেপি সরকার।
কেন্দ্রের শ্রম দফতরের তথ্য অবশ্য বলছে, মনমোহন জমানার তুলনায় মোদীর আমলে নতুন কর্মসংস্থান তৈরি কমেছে চোখে পড়ার মতো। ২০০৮-এ বিশ্বজোড়া আর্থিক মন্দার পরপর যখন আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশে অসংখ্য মানুষের চাকরি যাচ্ছে, তখন ২০০৯ সালে মনমোহন সিংহর জমানায় ভারতে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়। ২০১০ সালে ৮লক্ষ ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়। ২০১১ সালে মনমোহন সরকারের আমলে কর্মসংস্থান বেড়ে হয় ৯লক্ষ ৩০ হাজার।

কিন্তু, ২০১২ সালে তা কমে দাঁড়ায় ৩ লক্ষ ২২ হাজার। পরের বছর মনমোহন সরকারের আমলে কর্মসংস্থান কিছুটা বেড়ে হয় ৪ লক্ষ ১৯ হাজার। ২০১৪ সালে কর্মসংস্থান বেড়ে হয় ৪লক্ষ ২১ হাজার। কিন্তু, ২০১৫ সালে মোদী আমলে এক লাফে কর্মসংস্থান কমে দাঁড়ায় ১লক্ষ ৫৫ হাজার। ২০১৬ সালে তা সামান্য বেড়ে হয় ২ লক্ষ ৩১ হাজার।
আর এই পরিসংখ্যান তুলে ধরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুল গাঁধীর প্রশ্ন, ভাষণ তো হচ্ছে, চাকরি কোথায়? পর্যবেক্ষকদের একাংশের মতে, নরেন্দ্র মোদী যখন তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা করছে, তখন কর্মসংস্থান ইস্যুতে ভর করে এবার তাঁদের মোদী বিমুখ করতে মরিয়া বিরোধীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension