
যুক্তরাষ্ট্রের ঘোষিত পুরষ্কার জিতে নিতে পারে তালেবানও!
কাবুল বিমানবন্দরে চালানো বোমা হামলার মূল অভিযুক্ত আইএসআইএস খোরাসানের সানাউল্লাহ গাফতারের খোঁজ দিতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যদি আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান সানাউল্লাহ গাফতারকে ধরিয়ে দেয় বা খুঁজে দেয় তাহলে তারাও এই ১০ মিলিয়ন ডলার জিতে নিতে পারবে।
তালেবানকে এ পুরষ্কার দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে হোয়াইটহাউসের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, তালেবানও পুরষ্কার পাবে।
এ ব্যাপারে তিনি বলেন, ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে বোমা হামলার মূল পরিকল্পনাকারী সানাউল্লাহর খোঁজ জানাতে আমরা সকলকেই উৎসাহ দিচ্ছি।
উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আফগানিস্তানে বর্তমানে আইএসআইএস খোরাসানের ৫ হাজার সদস্য রয়েছে।
তারা আরও মনে করে তালেবান গত বছর জেল থেকে হাজার হাজার বন্দিদের মুক্ত করে দেওয়ার পর আইএসআএস খোরাসানের সদস্য সংখ্যা বেড়েছে।
এদিকে কয়েকদিন আগে সেন্টকমের প্রধান জেনারেল এরিক কুরিলা আল কায়েদা ও আইএসআইএস খোরাসানের বিপক্ষে লড়াই করতে তালেবানের সহযোগিতা চান।
সূত্র: দ্য খামা প্রেস



