বাংলাদেশ

নাহিদ হত্যা: ঢাকা কলেজের ৫ ছাত্র রিমান্ডে

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসান হত্যা মামলায় গ্রেফতার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

আসামিরা হলেন, ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাইয়ুম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তারিকুল আলম জুয়েল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ জনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেফতার করেছি। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাবে অংশ নেয়।

এর আগে গত ১৮ এপ্রির দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মুরসালিনের ভাই বাদী হয়ে আরও একটি হত্যা মামলা করেছেন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension