
হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর
শাই হোপের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
বুধবার পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় উইন্ডিজ। দলীয় ৯ রানেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন কাইল মায়ার্স।
এরপর সামারা ব্রুকসকে সঙ্গে নিয়ে ১৬৯ বলে ১৫৪ রানের জুটি গড়েন অন্য ওপেনার শাই হোপ। দলীয় ১৬৩ রানে ৮৩ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করে ফেরেন সামারা।
এরপর ১৬ বলে ২১ রান করে ফেরেন অধিনায়ক নিকোলাস পুরান। ৯ বলে ৪ রানে ফেরেন ব্রান্ডন কিং।
ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ওপেনার শাই হোপ ক্যারিয়ারের ৯৩তম ওয়ানডেতে ১২তম সেঞ্চুরি হাঁকান। দলীয় ২৪৩ রানে আউট হন হোপ। তার আগে ১৩৪ বলে ১৫টি চার আর এক ছক্কায় ১২৭ রান করেন।
ইনিংসের শেষ দিকে রোভম্যান পাওয়েলের ২৩ বলে গড়া ৩২ আর রোমারিও শিফার্ডের ১৮ বলের ২৫ রানের ইনিংসের সুবাধে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭৭ রানে ৪ উইকেট নেন হারিস রউফ। দুই উইকেট নেন শাহিন আফ্রিদি। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান।



