
ভারতে আবারও মাঙ্কিপক্স রোগী শনাক্ত, ১৪ জেলায় সতর্কতা
ভারতের কেরালায় আবারো মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ৩১ বছর বয়সী ওই ব্যক্তি মাঙ্কিপক্স ‘পজিটিভ’ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যেরে স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। গত ১৩ জুলাই তিনি দুবাই থেকে কেরালার কান্নুরে ফিরেছেন। এ ঘটনায় ভারতের ১৪ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি ।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, রোগের উপসর্গ দেখে তার নমুনা পাঠানো হয়েছিল পুনের গবেষণাগারে। সেখানেই পরীক্ষায় মাঙ্কিপক্স ‘পজিটিভ’ পাওয়া গিয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এর আগে গত ১৪ জুলাই ভারতের এই কেরালা রাজ্যেই প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত একজনের সন্ধান পাওয়া যায়। তিনি ১২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফিরেছিলেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, কান্নুরের পরিয়ারম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মাঙ্কিপক্সে আক্রান্ত ওই রোগীকে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি যাদের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে বিশেষ পদক্ষেপও নিচ্ছে কেরালা প্রশাসন। ১৪ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।



