
বিএএসজের বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির ছাত্রীছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৪ আগষ্ট (বুধবার) বিকেলে আটলান্টিক সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর আয়োজনে ছাত্রীছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বিএএসজের মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের যে কোনও ধরনের মহতী কার্যক্রমে তাঁদের সর্বাত্নক সহযোগীতার আশ্বাস দেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড সদস্য মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার আহমদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । তারা বলেন, আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনও বাংলাদেশি সংগঠনের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করতে পেরে তারা সত্যিই গর্বিত ও আনন্দিত। আগামীতে কমিউনিটির স্বার্থে তারা আরো বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।



