ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন আজ
ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাত্রা শুরুর পাশাপাশি আজ শুক্রবার ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলন করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২৬২ মিটার উঁচু ও ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত ভারতের তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ৪৫ হাজার টনের এই রণতরী তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি রুপি।
১ হাজার ৬০০ ক্রু থাকার ব্যবস্থা রয়েছে এই যুদ্ধজাহাজে। মিগ-২৯কে’র মতো যুদ্ধবিমান ওঠানামা করার সুবিধা আছে। সব মিলিয়ে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে। গত বছরের আগস্টে ট্রায়াল শুরু হয়। বছর খানেক ধরে চলমান পরীক্ষা-নিরীক্ষা শেষে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামুদ্রিক ট্রায়াল সফল হয়েছে।
ভারতের নৌবাহিনীতে ‘আইএনএস বিক্রান্ত’ নামে আরেকটি রণতরী ছিল। যা ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়কালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই জাহাজটি নব্বইয়ের দশকের শেষ দিকে ভেঙে ফেলা হয়।
এতদিন ভারতীয় নৌবাহিনীর একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসেবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’। এটি ২০১৪ সালে রাশিয়া থেকে কেনা হয়।



