প্রধান খবরবাংলাদেশ

আদালতে খালেদা জিয়া

রূপসী বাংলা ডেস্ক:জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এর আগে, বেলা সোয়া ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা। তবে খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে সিএসএফ সদস্যদের হাতে সার্বক্ষণিক বৈধ অস্ত্র থাকলেও আজ তাদের নিরস্ত্র অবস্থায় যাওয়ার নির্দেশনা দেয় পুলিশ।

গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। ১২০ কার্যদিবসের বিচারকার্য শেষ হয়েছে ২৩৬ দিনে। আত্মপক্ষ সমর্থনে গেছে ২৮ দিন। যুক্তি উপস্থাপন চলেছে ১৬ দিন। আর আসামি পক্ষ মামলাটির বিভিন্ন বিষয় নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন ৩৫ বার।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। খালেদা জিয়া ছাড়া মামলার বাকি আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension