
আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ২৬ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কনস্যুলেট সহযোগীতায় ‘ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা’ প্রদান করা হয়।
বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্কের কনসাল জেনারেল ড. মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে কাউন্সেলর আয়েশা হক, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন ও পারভেজ আহমদ, পারসোনাল অফিসার মোঃ আব্দুল আউয়াল, শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, নো ভিসা রিকোয়ার সিল দেওয়া ও বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রবাসী বাংলাদেশিরা ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হতে থাকে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সুযোগ্য কর্মকর্তাদের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহন করেন। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের মহতী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা প্রদান কার্যক্রম যথাযথভাবে সুসম্পন্ন হওয়ায় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।



