
আমার ২০২৪ সালের নির্বাচনে লড়ার ‘খুব সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন লড়ার শক্ত ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আইওয়াতে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, ২০২৪ সালে আবারও নির্বাচনে যাওয়ার ‘খুব খুব খুব সম্ভাবনা’ রয়েছে। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছে ট্রাম্প। এতে মোট পাঁচটি সমাবেশ করবেন তিনি। এরমধ্যে প্রথম সমাবেশে বক্তব্য দিতে গিয়েই তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামার কথা জানালেন।
বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দেশজুড়ে সফর শুরু করেছেন। তারও উদ্দেশ্য ডেমোক্রেট দলের প্রার্থীদের পক্ষে ভোট বাগিয়ে আনা। আগামী মঙ্গলবারের নির্বাচনে মার্কিন জনগণ কংগ্রেসের ভারসাম্য নির্ধারণ করবে। দুই বছর পর দেশটির সাধারণ নির্বাচনেও এই মধ্যবর্তী নির্বাচনের প্রভাব পড়বে বলে মনে করেন পর্যবেক্ষকরা।
আইওয়াতে ট্রাম্প দাবি করেন, তিনি দু’বার প্রতিদ্বন্দ্বিতা করে, দু’বারই জিতেছেন। তার ভাষায়, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভালো করেছি। ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পেয়েছি, তার চেয়ে ২০২০ সালের নির্বাচনে লাখো ভোট বেশি পেয়েছি।
এখন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে যে কজন ব্যক্তি ক্ষমতাসীন অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের যে কারও চেয়েই অনেক বেশি ভোট পেয়েছি। আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ ও মহিমান্বিত করতে আমি খুব, খুব, খুব সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করব। উচ্ছ্বসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত হয়ে যান।



