আন্তর্জাতিক

দাগি আসামিদের যুদ্ধ করতে ইউক্রেনে পাঠাচ্ছে রাশিয়া

খুন, ধর্ষণ ও মাদক কারবারের মামলায় সাজাপ্রাপ্ত আসামি যারা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের যুদ্ধ করতে ইউক্রেনে পাঠাচ্ছে রাশিয়া। তাদের রিজার্ভ সৈন্যদের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউক্রেনে যুদ্ধে পাঠানোর জন্য সেনাবাহিনীতে ভর্তি করতে আইনও সংশোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

সেপ্টেম্বরে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান বেসরকারি সেনা সংস্থা ওয়েগনার ভাড়াটে হিসেবে সাজা কমানোর বিনিময়ে ইউক্রেনে যুদ্ধ করার জন্য বন্দিদের নিয়োগ করছে। রাশিয়ার আইনে ভাড়াটে হিসেবে সেবা দেওয়ার বিনিময়ে সাজা কমানোর কোনো সুযোগ নেই। তবে সম্প্রতি ওয়েগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, যারা তার প্রতিষ্ঠানের হয়ে কাজ করে তারা কেউ কারাগারে ফিরে যায় না। গত শুক্রবারই ওয়েগনার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের প্রথম কার্যালয় চালু করেছে।

এদিকে জাতিসংঘের নিযুক্ত দ্য ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি অন ইউক্রেন গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধাপরাধে জড়িত। ইউক্রেনে রাশিয়ান কিছু সেনা ব্যাপক হারে বেসামরিক নাগরিকদের হত্যা, যৌন নির্যাতনসহ নানা ধরনের অপরাধে যুক্ত হয়েছে। আর ইউক্রেনের দাবি, রুশ সৈন্যরা এমন কয়েক হাজার অপরাধ সংঘটিত করেছে।

তবে বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি রাশিয়া কখনো স্বীকার করেনি। উল্টো ইউক্রেনের সৈন্যরাই রুশনিয়ন্ত্রিত অঞ্চলে কামান দিয়ে হামলা করে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করছে বলে রাশিয়া অভিযোগ করছে। তবে ইউক্রেনও এই অভিযোগ অস্বীকার করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension