খেলাপ্রধান খবর

টাইব্রেকারে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়

এক ম্যাচে এতো নাটক জমা থাকবে কে ভেবেছিল? নেইমার দুর্দান্ত সুন্দর গোল করলেন। তবে সেই গোল আনন্দ যে বেশিক্ষণ উপভোগ করতে পারল না ব্রাজিল। পাল্টা আক্রমণ থেকে পাওয়া ক্রসে ব্রুনো পেটকোভিচের দুরন্ত শট ডিফ্লেকশান হয়ে বল ব্রাজিলের জালে (১-১)। ম্যাচে সমতা। এই গোলেই ব্রাজিলের নিশ্চিত জয় হাতছাড়া। আর ক্রোয়েশিয়ার ম্যাচে ফেরা। পরের কাহিনী সেই চিরাচরিত। টাইব্রেকার।

টাইব্রেকারে হার্টব্রেক হল ব্রাজিলের। বিদায় নিল তারা বিশ্বকাপ থেকে। ৪-২ গোলে টাইব্রেকার জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।

টাইব্রেকারে ক্রোয়েশিয়ার প্রথম চার শট থেকে চারটিই গোল। আর ব্রাজিল মিস করলো প্রথম এবং চতুর্থ শট। নিশ্চিত জয় হাতছাড়া হতেই টাইব্রেকারে ভাঙ্গা মন নিয়ে নামে ব্রাজিল। আর ফিরল হার্টব্রেক হয়ে। আর একবার বিশ্বকাপ থেকে শূন্য হাতে ফিরছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। হেক্সা মিশন কোয়ার্টার ফাইনালেই শেষ। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল মানেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। এবারও সেই চিত্র।

বিশ্বকাপ আরেকবার নেইমারের কান্না দেখল। অথচ খানিক আগেই তার জাদুকরী গোলে বিশ্বকাপে ব্রাজিল প্রায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। নেইমার দেখালেন কীভাবে গোল করতে হয়? কীভাবে ম্যাচের পার্থক্য গড়তে হয়? গোলের আক্রমণের সূচনা করলেন নেইমার। ওয়ান টু ওয়ান টু পাসে সামনে বাড়লেন। শেষ অ্যাটাকার হিসেবে বল নিজের কাছে নিলেন। ক্রোয়েশিয়ার শেষ মার্কারকে বডি ডজে সরালেন। সামনে এগিয়ে আসা গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে কাটালেন। সামনে অরক্ষিত পোস্টে বল জালে পাঠালেন, গো..ও..ল!

একক কৃতিত্বের সঙ্গে দলীয় সংহতির দুর্দান্ত বোঝাপড়ার গোল করল ব্রাজিল। কিন্তু গোল করলেই তো হবে না। গোল ধরেও রাখতে হয়। সেই কাজটাই করতে পারল না ব্রাজিল। ম্যাচের ১১৭ মিনিটের সময় ক্রোয়েশিয়াও যে কায়দায় গোল শোধ করল সেটাও দুর্দান্ত সুন্দর! আর টাইব্রেকারে গড়ান ম্যাচ জিতে নিল ক্রোয়েশিয়া।

এক্সট্রা টাইম। টাইব্রেকার। ম্যাচের আগে ঠিক এই আশঙ্কাই করছিলেন ব্রাজিল কোচ তিতে। ক্রোয়েশিয়া খেলাটা অতিরিক্ত সময়ে নিয়ে যাবে। অপেক্ষা করবে টাইব্রেকারে ম্যাচ জয়ের। জাপানের বিরুদ্ধে এই কৌশলেই জিতেছে ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিরুদ্ধেও তাই করে দেখাল। জিতল সেই একই কায়দায়।

বিশ্বকাপের নকআউট ম্যাচে অতিরিক্ত সময় এবং টাইব্রেকার-এই দুই শব্দ ভীষণ পছন্দ ক্রোয়েশিয়ার। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচটি নকআউট ম্যাচ জিতেছে ক্রোয়েশিয়া। পাঁচটিই অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। এর মধ্যে চারটি জিতেছে তারা টাইব্রেকারে। টাইব্রেকার তো তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকবেই।

এর আগে বিরতির পর প্রথম মিনিটেই ব্রাজিল গোলের জন্য ঝাঁপাল। নেইমার ও রিচার্লিসনের সেই চেষ্টা ক্রোয়েশিয়ার ডিফেন্স কাঁপাল কিন্তু বল যে তারা নিশানায় রাখতে পারলেন না। আক্রমনের নহর বইয়ে দিলেও গোল যে মিলল না।

দ্বিতীয়ার্ধে বদলি নামা অ্যান্টোনিও গোলের চেষ্টায় চমকপ্রদ কিছু কারিকুরি করলেন। পোস্টে শটও নিলেন। কিন্তু ওখানে দাঁড়ান ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ যে ছিলেন দুভের্দ্য প্রাচীর। ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে এসে পাকেতা, নেইমারের হামলার অ্যাঙ্গেল নষ্ট করলেন। নিশ্চিত অন্তত দুটো গোল বাঁচালেন। মাঠের ১০ জন ক্রোয়াটকে হারাতে পারলেও গোলপোস্টে লিভাকোভিচ অদম্য অপরাজিত।

ম্যাচ শুরু হতেই ক্রোয়েশিয়া আক্রমনের তেজ দেখায়। খেলে সাহসী ও বুদ্ধিদীপ্ত ফুটবল। বার কয়েক ব্রাজিলের পোস্টে আতঙ্ক ছড়িয়ে ঢুকে পড়ে তারা। ম্যাচের প্রথম সুযোগও পায় ক্রোয়েশিয়া। ম্যাচের ১০ মিনিটের সময় ডানপ্রান্ত থেকে উড়ে আসা ক্রস যায় ব্রাজিলের পেনাল্টি স্পটে। পেরিসিচ জায়গায় ছিলেন। কিন্তু সঙ্গে থাকা থিয়াগো সিলভার ব্লকে বলে পা লাগাতে পারেননি। বড় বিপদ থেকে রক্ষা পায় ব্রাজিল।

ব্রাজিলের খেলা একপ্রকার মুখস্ত করে এই ম্যাচে নেমেছিল ক্রোয়েশিয়া। ব্রাজিল সাধারণত ম্যাচের শুরু থেকে প্রেসিং ফুটবল খেলে। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে। ওয়ান টু পাসে ছক সাজিয়ে সামনে বাড়ে। শুরুর ২০ মিনিটে ব্রাজিলকে তেমন পরিকল্পনার সুযোগই দেয়নি ক্রোয়েশিয়া। পুরোটা সময় বলের পেছনে থাকে তারা। বল দখলে রাখায় মনোযোগী ছাত্র যেন। ব্রাজিলকে খেলার জায়গাই দিচ্ছিল না তারা। ম্যাচে থাকতে হলে প্রভাবী হতে হবে- এই রণ পরিকল্পনায় দারুণ পরিশ্রম করে ক্রোয়েশিয়া। কঠিন প্রতিরোধের সামনে পড়ায় ব্রাজিল যেন নিজেদের খেলা ভুলে বসে! প্রচুর ভুল পাস দেয়। ওয়ান টাচে বল রিসিভও করতে কষ্ট হচ্ছিল ভিনিসিয়াস-ক্যাসিমিরোদের।

প্রথমার্ধে লুকা মদরিজের সঙ্গে মাঝমাঠের লড়াইয়ে ক্যাসিমিরো পুরো ফ্লপ। শুরুর এই অর্ধে ব্রাজিলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল ভরপেট খেয়ে ম্যাচে খেলতে নেমেছে তারা। একটু বেশি গতি নিয়ে নড়াচড়ায় যেন ভীষণ অনীহা।

মাঝমাঠেই বেশিরভাগ খেলা হারাল ব্রাজিল। ক্যাসিমিরো ও পাকেতা-ব্রাজিলের এই দুজন মিডফিল্ডারের বিপরীতে ক্রোয়েশিয়ার তিনজনের লড়াইয়ে ক্রোয়াটরাই এগিয়ে রইলো। আর মাঝমাঠের সেনানি হয়ে এই পজিশনের পুরো খেলাটা নিয়ন্ত্রণ করলেন লুকা মডরিচ। বল নিয়ে আক্রমণে গেলেন। মাঝমাঠে ব্রাজিলের কাছ থেকে বল কাড়লেন। যখন প্রয়োজন হল ডিপ ডিফেন্সেও নেমে ডুয়েল লড়লেন।

ক্রোয়েশিয়ার রাইট ব্যাক জোসিপ জুরানোভিচ দুর্দান্ত খেললেন শুরুর ৪৫ মিনিটে। একেবারে যাকে বলে পারফেক্ট ফুটবল। সেল্টিকের এই ফুটবলার ওয়ান টু ওয়ান ডুয়েল জিতলেন। দারুণ দক্ষতার সঙ্গে ইন্টারসেপসান করলেন। ব্লক দিলেন। হারানো বল উদ্ধার করলেন। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হল। কিন্তু পয়েন্টের যদি কোনো হিসেব থাকতো তাহলে এই অর্ধে ক্রোয়েশিয়ার নামের পাশে যোগ হতো স্টারমার্ক। আর ব্রাজিল টেনেটুনে ৪০।

প্রথম ৪৫ মিনিটে রিচার্লিসন যে একাদশে ছিলেন সেটা বোঝাই গেল না। ক্রোয়াট ডিফেন্ডার ভারডিয়াল এই সময়টায় পুরো বোতলবন্দি করে রাখেন তাকে। একটা সিঙ্গেল ডুয়েলও এই সময় জিততে পারেননি রিচার্লিসন। নেইমার কয়েকবার বল নিয়ে আক্রমণে উঠে আসেন। ডি বক্সে বল ফেলেন। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র সেই ডিফেন্স চেরা পাসের সঙ্গে তাল মেলাতে পারলেন না।

ম্যাচে আরও অনেককিছুর সঙ্গে তাল মেলাতে পারেনি ব্রাজিল। গোল করেও ধরে রাখতে পারল না । টাইব্রেকারেও ম্যাচ জিততে পারল না। আর একবার কোয়ার্টার ফাইনালেই শেষ ব্রাজিলের বিশ্বকাপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension