
বিশ্বে নবম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
গত বছরের মতো এবারও বিশ্বের নবম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। অন্যদিকে টানা চতুর্থবারের মতো সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে নাম এসেছে এশিয়ার দেশ জাপানের।
বুধবার যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পার্টনার্স ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে। সেই প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে – তার ভিত্তিতে হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে পরিমাপ করা হয় পাসপোর্টের গুরুত্ব।
প্রতিবেদন অনুযায়ী, ভিসা ছাড়া বাংলাদেশের নাগরিকরা ২২৭টি দেশের মধ্যে ৪১টিতে যেতে পারেন। ভিসা ছাড়া একই সংখ্যক দেশে যেতে পারেন কসোভো ও লিবিয়ার নাগরিকরাও। ২০২২ সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০৪। এবার ঠাঁই হয়েছে ১০১ নাম্বারে।
সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী জাপানের নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন। তবে তার মানে এটা নয় যে তাদের পাসপোর্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জনসংখ্যা সাড়ে ১২ কোটির মতো হলেও ২০২১ সালের শেষদিকের হিসেব অনুযায়ী দেশটিতে বৈধ পাসপোর্টের সংখ্যা ২ কোটি ৪০ লাখ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ারই দুই দেশ সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। ভিসা ছাড়া ১৯২টি দেশে যাতায়াতের অনুমতি আছে এই দুই দেশের।
এদিকে, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে নাম এসেছে আফগানিস্তানের। তালেবান শাসিত দেশটির নাগরিকরা ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে যাতায়াত করতে পারেন।
যুদ্ধবিধ্বস্ত অপর দুই দেশ ইরাক ও সিরিয়া দুর্বল পাসপোর্টের দিক দিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে। সর্বনিম্ন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন মাত্র ৩২টি দেশে।



