
স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১২ কিমি হাঁটলেন যুবক
অসুস্থ স্ত্রীকে নিয়ে অটোরিকশা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। এমন সময় পথেই মারা যান তার স্ত্রী। এর পর অটোরিকশাচালকও তাদের নামিয়ে দেন।
এর পরই স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাঁটা শুরু করেন ওই ব্যক্তি। ১২ কিলোমিটার হাঁটার পর পুলিশের সহায়তায় তিনি বাড়ি পৌঁছান। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৩৫ বছরের যুবক সামুলু পাঙ্গি এবং তার স্ত্রী ইদি গুরু (৩০) উডিষ্যার কোরাপুটের সোরাদা গ্রামের বাসিন্দা। ইদি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রায় ১০০ কিলোমিটার দূরের বিশাখাপত্তনমের হাসপাতালে নিয়ে আসেন সামুলু। ইদি চিকিৎসায় সাড়া না দেওয়ায় চিকিৎসকরা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলেন।
স্ত্রীকে নিয়ে যেতে একটি অটোরিকশা ভাড়া করেছিলেন সামুলু। কিন্তু মাঝপথে ইদি মারা যান। মৃতদেহ অটোয় নিয়ে যেতে রাজি হননি চালক। মাঝ রাস্তায় সামুলুকে নামিয়ে দেন তিনি। বাধ্য হয়ে স্ত্রীর দেহ কাঁধে তুলে হাঁটতে শুরু করেন সামুলু। প্রায় ১২ কিলোমিটার রাস্তা এভাবেই হেঁটে আসেন তিনি। তাকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয় কয়েকজন।
তখনো সামুলুর বাড়ি প্রায় ৮০ কিলোমিটার দূরে। পুলিশ এসে সামুলুকে ঘটনার কথা জিজ্ঞেস করেন। সামুলু উডিষ্যায় সবটুকু বললেও ভাষা সমস্যায় কিছুই বুঝতে পারেন না পুলিশ কর্মীরা। নিয়ে আসা হয় একজন অনুবাদক।
অবশেষে তার সহায়তায় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, যাতে করে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরেন সামুলু।



