ভারত

ত্রিপুরায় সহিংসতার তদন্ত করতে এসে এমপিরাই হামলার শিকার

ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় আবারও জয় পেয়েছে। কিন্তু রাজ্যটিতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতার অভিযোগ পাওয়া গেছে।

ত্রিপুরার সহিংসতার তদন্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলতে সংসদীয় একটি দল দুই দিনের সফরে এসে শুক্রবার (১০ মার্চ) নিজেরাই হামলার শিকার হয়েছেন।

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক ও সাবেক মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় বিশালগড়ের নেহালচন্দ্র নগর বাজারে তাদের ওপর ভয়াবহ আক্রমণ চালানো হয়। ফলে সংসদীয় দল শনিবারের নির্ধারিত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।

কংগ্রেস ও সিপিআই(এম) সূত্র জানান, সংসদীয় দলের সদস্যরা যখন সেপাহিজালা জেলার সহিংসতাকবলিত বিশালগড়ে যায়, তখন ক্ষমতাসীন বিজেপি সমর্থিত কিছু লোক তাদের আক্রমণ করে। এতে তাদের বহরে থাকা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিপিআই(এম) এক বিবৃতিতে বলেছে, ‘সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা কংগ্রেস-সিপিআই(এম) নেতারা দ্রুত স্থান থেকে চলে যাওয়ায় বড় ধরনের আক্রমণ থেকে তারা রক্ষা পান।‘

এ ছাড়া পশ্চিম ত্রিপুরার মোহনপুর সফররত সংসদীয় দলকেও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘সাংসদরা স্থানীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে বিশালগড়ের নেহালচন্দ্র নগরে অনির্ধারিত সফরের সময় স্লোগানের মুখে পড়েছিলেন। এসকর্ট পুলিশ দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং প্রতিনিধি দলকে নিরাপদে উদ্ধার করে।’

পুলিশের বিবৃতিতে আরও বলা হয় : ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেই ছিলেন। কোনো ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দু-তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং আরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সংসদীয় দলের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। একই সঙ্গে তিনি দাবি করেন, সংসদ সদস্যদের নিরাপত্তায় পুলিশ কিছুই করেনি।

সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension