
ব্যাংক বন্ধ হলেও অর্থ ফেরতের প্রতিশ্রুতি মার্কিন সরকারের
মূলধন সংকট ও আমানত নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এরই মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাংকটির সব সম্পদ।
এ নিয়ে আতঙ্কিত আমানতকারীদের মার্কিন সরকার জানিয়েছে, অর্থের ওপর তাদের পুরো নিয়ন্ত্রণ থাকবে। সোমবার থেকে তারা নগদ অর্থ তুলবে পারবে।
মার্কিন ট্রেজারি, ফেডারেল রিজার্ভ এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) থেকে প্রকাশিত বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ব্যাংকিং খাতের এ অস্থিরতার কোনো দায় তাদের ওপর বর্তাবে না।
সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ব্যাংকিং খাতে ২০০৮ সালের পর সবচেয়ে বড় ধস দেখল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অন্যতম বেসরকারি ঋণদাতা ব্যাংকের এই ধসকে দেশটির আর্থিক খাতের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যর্থতা বলে উল্লেখ করা হচ্ছে।
এসভিবি মূলত প্রযুক্তি খাতে ঋণ দিয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক উচ্চ সুদের হার দিয়ে প্রভাবিত হয়ে শেয়ার বিক্রি করে ক্ষতি এড়ানোর সুযোগ ছিল না।
এদিকে, গতকাল রোববার (১৩ মার্চ) দেশটির সিগনেচার ব্যাংকও বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রকরা। এ ব্যাংকটির মনোযোগ ছিল ক্রিপ্টোকারেন্সি খাতে। এসভিবির মতো ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বলছে, এসভিবির মতোই সিগনেচার ব্যাংকের আমানতকারীরা তাদের অর্থের ওপর নিয়ন্ত্রণ পাবেন। তাদেরও কোনো ক্ষতি হবেন না।



