
৫৫৩০ কোটি টাকার ক্ষতি টুইটারের সাবেক সিইওর সংস্থার
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশ্যে আসতেই নড়ে গিয়েছিল ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর ভিত। প্রায় অর্ধেক হয়ে গেছে সেই গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ। হিন্ডেনবার্গের প্রতিবেদনের কারণে এবার একই হাল হলো টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসির মালিকানাধীন সংস্থা ‘ব্লকের’।
ব্লক একটি বহুজাতিক তথ্য-প্রযুক্তি সংস্থা। বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে হিন্ডেনবার্গ দাবি করেছে, সংস্থাটি ব্যবহারকারীর সংখ্যা বেশি করে দেখিয়েছে এবং সংস্থার সম্পর্কে বাড়িয়ে তথ্য প্রকাশ করেছে। আর সেই তথ্যের ভিত্তিতেই কোটি কোটি টাকার ব্যবসা করেছে তারা। একই সঙ্গে ডরসির সংস্থার বিরুদ্ধে আর্থিক জালিয়াতিরও অভিযোগ আনে এই সংস্থা। যদিও ব্লকের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দিয়েছে, যেমনটা করেছিল আদানি গোষ্ঠীও।
হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ব্লকের শেয়ারের দর আদানিদের শেয়ারের দরের মতোই পড়তে শুরু করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ৫২৬ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি খুইয়েছে ডরসির সংস্থ, যা তাদের মোট সম্পত্তির প্রায় ১১ শতাংশ। বাংলাদেশি মুদ্রায় তার হারানো সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ হাজার ৫৩০ কোটি টাকা।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর এক দিনের মধ্যে ব্লকের শেয়ারের দর প্রায় ২২ শতাংশ নেমে গেছে।
তবে শুধু আদানি গোষ্ঠী বা ব্লক নয়, হিন্ডেনবার্গ আরো অনেক সাম্রাজ্যের ভিত কাঁপিয়েছিল। যার মধ্যে উল্লেখযোগ্য নিকোলা সংস্থা। ২০২০ সালের সেপ্টেম্বরে বৈদ্যুতিক ট্রাক প্রস্তুতকারক নিকোলা করপোরেশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনে হিন্ডেনবার্গ। প্রতিবেদনে দাবি করা হয়, প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে বিনিয়োগকারীদেরকে মিথ্যা কথা বলেছে নিকোলা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



