
বায়ুদূষণ গবেষণায় মহাকাশে ‘টেমপো
বায়ুদূষণের উৎস ও মাত্রা পর্যবেক্ষণে মহাকাশে নতুন একটি যন্ত্র পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। ট্রপোস্ফিয়ারিক এমিশন মনিটরিং অব পলিউশন (টেমপো) নামের এই পর্যবেক্ষণ যন্ত্রটি নিয়ে ফেলকন ৯ রকেট গতকাল শুক্রবার ফ্লোরিডা থেকে ছেড়ে যায়। জিওস্টেশনারি কক্ষপথে বায়ুদূষণ পর্যবেক্ষণে এ ধরনের উদ্বেগ এবারই প্রথম।
পর্যবেক্ষণ যন্ত্রটি মূলত উত্তর আমেরিকা ও এর আশপাশের অঞ্চলের তথ্য দেবে। মে মাসের শেষ দিকে বা জুনের শুরুর দিকে টেমপো কার্যক্রম শুরু করবে এবং অক্টোবর থেকে পর্যবেক্ষণের তথ্য দেওয়া শুরু করবে। আগামী বছরের এপ্রিল নাগাদ জনসমক্ষে পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য প্রকাশ করা শুরু হবে। নাসা জানিয়েছে, গবেষকদের বায়ুদূষণ পর্যবেক্ষণে বিপ্লব আনবে টেমপো, যা পৃথিবীতে মানুষের বাসযোগ্যতায় উন্নতি ঘটাবে।
যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ মোকাবেলায় জড়িত অন্য সংস্থাগুলো টেমপো থেকে পাওয়া তথ্য ব্যবহার করবে। নাসার টেমপো প্রকল্পের ব্যবস্থাপক কেভিন ডাহার্টি বলেন, ‘যন্ত্রটি বৃহত্তর উত্তর আমেরিকাজুড়ে দিনের বেলা প্রতি ঘণ্টায় দূষণ এবং বায়ুর মান পরিমাপ করবে।’
ওয়াশিং মেশিনের সমান এই যন্ত্রকে মহাকাশের রসায়ন গবেষণাগার হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ এটি জিওস্টেশনারি কক্ষপথে ইন্টেলসেট কম্পানির একটি যোগাযোগ স্যাটেলাইট পরিচালনা করবে। হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞানী ক্যারোলিন নোলান বলেন, ‘জিওস্টেশনারি কক্ষপথ হল আবহাওয়া ও যোগাযোগ সংক্রান্ত স্যাটেলাইট স্থাপনের একটি সাধারণ কক্ষপথ। তবে এতে গ্যাস পরিমাপের একটি বায়ুমান যন্ত্র এখনো বসানো হয়নি।’
বিদ্যমান দূষণ-পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলো নিম্ন কক্ষপথে অবস্থিত। যেগুলো একটি নির্দিষ্ট সময়ে দিনে একবার পর্যবেক্ষণ তথ্য দিতে পারে। নোলান বলেন, ‘টেমপোর সবচেয়ে বড় দিক হলো, উত্তর আমেরিকায় যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ আমরা কী কী হচ্ছে তার তথ্য পেতে পারি।’
সূত্র: এএফপি



