
আরকানসাসে টর্নেডো: নিহত বেড়ে ৩২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্যপশ্চিমাঞ্চলে কয়েক দফা টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শত শত মানুষ।
স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) ও শনিবার (১ এপ্রিল) ৬০টির বেশি শক্তিশালী টর্নেডোতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। খবর সিএনএনের।
দেশটির অন্তত আটটি রাজ্যে শক্তিশালী টর্নেডোগুলো আঘাত হানে। নিহতদের অধিকাংশই আরকানাসাস, টেনেসি, ইলিনয়েস, ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যের।
নিহতদের মধ্যে টেনেসি কাউন্টিতে অন্তত নয়জন, আরকানসাসের ছোট শহর উইনে চারজন, ইন্ডিয়ানার সুলিভানে তিনজন এবং ইলিনয়ের চারজন রয়েছেন।
আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, টর্নেডোতে আরকানসাসের মধ্যবর্তী অঞ্চলে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীকেও মাঠে নামার নির্দেশ দিয়েছেন।



