
কাশ্মীরে জি-২০ সম্মেলনে এবারে ১৭ দেশ
শিল্প ও স্বল্পোন্নত ২০ দেশের সংগঠন গ্রুপ টোয়েন্টি বা জি২০-র পর্যটনবিষয়ক কার্যকরী কমিটির বৈঠক শুরু হয়েছে।
সোমবার ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের শের-ই কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় তিন দিনের এ সম্মেলন। তবে এবারের জি-২০ সম্মেলনে বিশ দেশের বদলে উপস্থিত হয়েছে ১৭ দেশ।
সম্মেলনটি বয়কট করেছে চীন। যোগ দেয়নি তুরস্ক, সৌদি আরবও। বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে বৈঠকটি আয়োজন করায় চীন তা বয়কট করেছে বলে জানা যায়। গার্ডিয়ান, এনডিটিভি।
গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চীন বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজনের বিরোধী। তাই বেইজিং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।’
জবাবে ভারত জানায়, নিজে দেশের যেকোনো স্থানে অনুষ্ঠান আয়োজনের অধিকার নয়াদিল্লির আছে।
২০১৯ সালের আগস্টে মোদি-সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সর্বপ্রথম অঞ্চলটিতে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জি ২০-র প্রধান সমন্বয়ক হর্ষবর্ধন শ্রিংলা গণমাধ্যমকে জানান, জি ২০-র সভাপতিত্বের সুবাদে ভারতজুড়ে অন্তত ১১৮টি বৈঠকের আয়োজন করা হচ্ছে। পর্যটন সম্পর্কিত বৈঠকটিতে গত ২ বৈঠকের তুলনায় এবারের কাশ্মীর বৈঠকে বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া তিনি বৈঠকে ৬০ জন প্রতিনিধির অংশগ্রহণ করার কথা জানানো হয়।
বৈঠককে ঘিরে কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অঞ্চলটিতে জাতীয় নিরাপত্তা গার্ড ও মেরিন কমান্ডোদের মোতায়েন করা হয়েছে। ভূমি ও আকাশ নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।



