
দিল্লি সফরে আসছেন খালেদার আইনজীবী কার্লাইল
রূপসী বাংলা ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল দিল্লি সফরে যাচ্ছেন।
দিল্লি সফরকালে তিনি সেখানে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে বিবিসি বাংলা জানিয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি কেন ‘সাজানো’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ’, সেটাই তার ওই সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার কথা।
গত সোমবার লর্ড কার্লাইল বিবিসি বাংলাকে বলেন, তার ভারতীয় ভিসা হয়ে গেছে। আসলে ব্রিটিশ নাগরিকরা এখন ভারতে যাওয়ার জন্য সফরের অনেক আগেই ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসার আবেদন করে রাখতে পারেন, আর সচরাচর তা মঞ্জুরও হয়ে যায় খুব তাড়াতাড়ি।
দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দিলেও তার একদিন আগেই তিনি দিল্লিতে অন্য কোনও জায়গায় সংবাদমাধ্যমের সঙ্গে মিলিত হবেন বলে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল বিবিসিকে জানিয়েছেন।
সূত্র: বিবিসি বাংলা



