ভারত

আগামী ৫ মাসেই মমতার পতন: বিজেপি প্রতিমন্ত্রী শান্তনু

হাতে মাত্র পাঁচ মাস। এর মধ্যেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের পতন ঘটবে বলে ভবিষ্যতবাণী করলেন ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনের পর বেশ উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এমন অবস্থায় শনিবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগণার গাইঘাটা ফুলশড়ার পাঁচপোতা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রামপদ দাস সহ বিজেপি নেতারা। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই শান্তনু ঠাকুর শাসক দল তৃণমূল কংগ্রেসের পতনের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

শান্তনু বলেন, এরা (তৃণমূল) ভেবে নিয়েছে তারা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পরে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।

তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি তার থেকে দশ গুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। যদি এরা ভোট রাহাজানি না করত।

তবে শুধু শান্তনু ঠাকুর নয়। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে রোববার ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তার দাবি যে কোনও সময় এই সরকার পড়ে যেতে পারে। অসুবিধের তো কিছু নেই! একটি সরকার কীভাবে চলে? বিধায়কদের সমর্থনে চলে। হঠাৎ বিধায়করা মনে করলেন আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব। বিধায়কদের মনে হতেই পারে। না হওয়ার তো কিছু নেই।

এর আগে পঞ্চায়েত নির্বাচনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে হিংসা নিয়ে দরবার করেছে রাজ্য বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সঙ্গে দেখা করে রাজ্যে ৩৫৫ ধারা জারিরও দাবি করে এসেছেন। এমন অবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ধাঁচে পশ্চিমবঙ্গে ঘোড়া কেনাবেচার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

রাজ্য বিজেপি নেতৃত্বের পরপর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি কর্মীরা আশাহত ও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। পুরনো বিজেপি, তত্কাল বিজেপি ইত্যাদি। ওরা না সব সময়ে দেখবেন একটা তারিখ দেব। একটা মাস বলবে। একটা ক্যালেন্ডার রাজনীতি করবে। আসলে পঞ্চায়েত নির্বাচনে ওরা গো হারা হেরেছে। এরকম একটি পরাজয়ে ওদের নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই রাজ্যে অচল অবস্থা তৈরির চেষ্টা করছে।

তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ সরকার শেখ মন্ত্রী পার্থ ভৌমিক আবার হুঁশিয়ারি দিয়ে বলেন, বাপের ক্ষমতা থাকলে কেউ ৩৫৫ করে দেখাক । ৩৫৫, ৩৫৬ বলে মমতাকে ভয় দেখাতে চাইছে। ২০২১ শে ভাঙা পা নিয়ে মমতা খেল দেখিয়ে দিয়েছেন, এবারও পঞ্চায়েতে ৭০ শতাংশ আসনে নতুন মুখ দিয়েও ভালো ফল হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension