প্রবাস

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন।

সোমবার (২৩ জুন) ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই গাউন পরা শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন মিলনায়তনে। চার বছরের সাধনার শেষে অর্জনের আনন্দ তাদের চোখেমুখে ফুটে উঠেছিল। অনুষ্ঠান শুরু হলে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা মাত্রই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে ফাইজা, ইশতিয়াক, তানজিয়া, ইশরাক, তাসনূভা, আমেরা ও নাদেরা—এমন একাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যরা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে বসে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে।

শিক্ষার্থীদের এই সাফল্যে শুধু অভিভাবকই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। তাদের করতালি ও উল্লাসধ্বনি মিলিয়ে রঙিন হয়ে ওঠে গ্র্যাজুয়েশনের প্রতিটি মুহূর্ত। অভিভাকরা বলেন, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে, অধ্যবসায় ও চেষ্টা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে তারা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিতে সক্ষম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension