বাংলাদেশ

কারাদন্ড স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাজমুল হুদার আবেদন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  সাবেক মন্ত্রী নাজমুল হুদা তার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া চার বছরের কারাদন্ড স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন ।

হাইকোর্টের দেওয়া রায়ের নথি গত বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর বিশেষ জজের বিচারিক আদালতে পৌঁছেছে। রায় অনুসারে রায়ের নথি পৌঁছানোর ৪৫ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আগে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আপিল বিভাগ থেকে হাইকোর্টের রায় স্থগিত করতে পারলে বা খালাস পেলে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

আইনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, এছাড়া আইনি আরও একটি উপায় আছে। সেটি হচ্ছে, সরকার চাইলে যে কোনো দন্ড শর্তসাপেক্ষে বা বিনাশর্তে স্থগিত বা মওকুফ করতে পারে। আমি এই সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দণ্ড স্থগিতের আবেদন করেছি। সরকার আমার এই আবেদন মঞ্জুর করলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। তাই আদালতে আত্মসমর্পণ বা আপিল করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় হুদা দম্পতির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য ব্যবসায়ী মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

মামলার বিচার শেষে ঢাকার ২ নম্বর বিশেষ জজ ২০০৭ সালের ২৭ আগস্ট নাজমুল হুদাকে সাত বছরের কারাদন্ড এবং আড়াই কোটি টাকা অর্থদন্ডের রায় প্রদান করে।  রায়ে তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হুদা দম্পতি আপিল করলে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাদের খালাস দেন।  খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করলে আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের খালাসের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন।

হাইকোর্ট পুনরায় শুনানি শেষে গত বছর ৮ নভেম্বর নাজমুল হুদার সাত বছরের সাজা কমিয়ে চার বছর এবং সিগমা হুদার ৩ বছরের সাজা কমিয়ে মামলাটিতে যতদিন কারাভোগ করেছেন তা কারাদন্ড হিসেবে রায় দেন। ওই রায় গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়।  রায়ে নিম্ন আদালতে আদেশ পৌঁছানোর ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার তোড়জোড়ের মধ্যে আদালতের এ রায় প্রকাশ হওয়ায় ঝামেলায় পড়েছেন নাজমুল হুদা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension