প্রধান খবরবাংলাদেশরাজনীতি

আসন সঙ্কটে বিএনপি, জোট শরিকরা চায় ৩২০ আসন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন বণ্টন নিয়ে শরিকদের সঙ্গে জটিলতা কাটে নি বিএনপির।  ৩শ আসনের সংসদে বিএনপির কাছে এর জোট শরিকরা চায় ৩২০ আসন।  শুধু ঐক্যফ্রন্টের শরিক ৩ দলই চায় ২২৭ আসন।  অন্যদিকে ২০ দলীয় জোটের শরিকরা চায় ৯৩ আসন।  ফলে জোট শরিকদের চাহিদা মেটাতে বিএনপির হাতে কোনও আসন তো থাকেই না, উল্টো আরও ২০টি আসনের ঘাটতি থাকে।

এ নিয়ে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত কোনও সমঝোতা হয় নি।  বিএনপি নেতারা বলছেন, এ চাহিদা পূরণ সম্ভব নয়।  ছাড়ের মানসিকতা থাকতে হবে সব দলের।

একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি।  এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে ধানের শীষে লড়তে মনোনয়ন প্রত্যাশী সাড়ে ৪ হাজারেরও বেশি।  এরইমধ্যে শেষ হয়েছে সাক্ষাৎকারপর্বও।  তবে, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগি প্রশ্নে, নিজেদের প্রার্থী ঠিক করতেই বিপাকে পড়েছে দলটি।

ভোট সামনে রেখে ২০ দলীয় জোটের পাশাপাশি ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ায় এবার বড় সংখ্যায় আসন ছাড়তে হবে বিএনপিকে।  গণফোরাম ১৬০, নাগরিক ঐক্য ৩৫, কৃষক শ্রমিক জনতা লীগ ১২ এবং জেএসডি ২০ আসনে প্রার্থী চেয়েছে।

অন্যদিকে বিএনপির পুরনো জোট শরিক জামায়াত চেয়েছে ৪০ আসন, কর্নেল অলির এলডিপি ১২ আর কাজী জাফরের জাতীয় পার্টি দিয়েছে ১৬ আসনের চাহিদা।  কল্যাণ পার্টি ১২, জাগপা ও বাংলাদেশ জাতীয় পার্টি চেয়েছে ৩টি করে আসন।  খেলাফত মজলিশসহ বাকি দলগুলো চায় ১০ আসন।

তবে চাহিদার তালিকা যত বড়ই হোক, আসন ছাড়ার ক্ষেত্রে প্রার্থীর গ্রহণযোগ্যতা দেখবে বিএনপি।  পাশাপাশি যুক্তির বাইরে না গিয়ে জোট শরিকদের কাছে ছাড়ের মানসিকতা চাইছে দলটি। আলাপ-আলোচনার ভিত্তিতে সব জটিলতার অবসান ঘটিয়ে খুব শিগগিরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে বলেও জানিয়েছেন ঐক্যফ্রন্টের নীতিনির্ধারকেরা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension