
আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না: সিইসি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ শনিবার নির্বাচন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। পুলিশ আমাদের কথা মান্য করে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে।
তিনি বলেন, পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। সরকারের কোনও নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্রের জবাবে সিইসি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব দিয়ে থাকি। রিটার্নিং অফিসাররা সহকারি রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়াটা ‘ভুল’ হয়েছে স্বীকার করে সিইসি বলেন, আজকের সিদ্ধান্ত সঠিক হয় নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশ জুড়ে থাকতে দিলে ভালো হত। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীদের থাকতে দেওয়া হবে।



