আচমকা মাওরি নৃত্যে বিঘ্ন নিউ জিল্যান্ডের পার্লামেন্টে
আদিবাসী মাওরিদের দলের নতুন এক এমপি তার অভিষেক বক্তব্য দেওয়ার পর পাবলিক গ্যালারিতে থাকা লোকজন আচমকা মাওরিদের ঐতিহ্যবাহী নৃত্য হাকা শুরু করায় নিউ জিল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়েছে।
বৃহস্পতিবার পার্লামেন্টে এ কাণ্ড ঘটেছে বলেছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তে পাটি মাওরি দলের ওরিনি কাইপারা গত মাসে পার্লামেন্টের একটি খালি আসনে বিজয়ী হয়ে এসেছেন। বৃহস্পতিবারই তিনি প্রথম আইনসভায় ভাষণ দেন।
তার ভাষণের পর পার্লমেন্ট কক্ষের অনেক সদস্য ও পাবলিক গ্যালারিতে থাকা অনেকেই তাকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী একটি মাওরি গান গেয়ে ওঠেন। এই গান গাওয়ার অনুমোদন আগেই নেওয়া ছিল।
কিন্তু এরপরই পাবলিক গ্যালারিতে থাকা অনেকে হাকা নৃত্য শুরু করেন, যার অনুমতি ছিল না। পরে পার্লামেন্টের কিছু সদস্যও ওই নৃত্যে যোগ দেন।
পার্লামেন্টের স্পিকার গ্যারি ব্রাউনলি তাদের তৎক্ষণাৎ থামতে বলেন।
“না, এটা না। এটা হবে না এমন নিশ্চয়তা দেওয়া হয়েছিল,” বলেন তিনি। এরপরও নাচ চলতে থাকলে তিনি অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
নিয়ম অনুযায়ী, কোনো পার্লামেন্ট সদস্য, রাজনৈতিক দল বা তাদের সমর্থকরা যদি গান গাইতে চায় বা পাবলিক গ্যালারিতে হাকা নাচতে চায় তাহলে অবশ্যই আগে থেকে অনুমতি নিতে হবে।
বৃহস্পতিবার স্থগিত হওয়ার কিছুক্ষণ পরই অবশ্য পার্লামেন্টের অধিবেশন ফের শুরু হয়। এই হাকা নৃত্য যে হবে, তার ব্যাপারে কোনো দল বা এমপি আগে থেকে জানতেন কিনা, সে বিষয়ে তদন্তের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন স্পিকার ব্রাউনলি। তিনি পাবলিক গ্যালারিতে এমন কর্মকাণ্ডকে ‘পার্লামেন্ট অবমাননার’ শামিল বলেও আখ্যা দিয়েছেন।
ব্রিটিশদের সঙ্গে আদিবাসী মাওরিদের ১৮৪ বছর পুরনো একটি চুক্তির পুনর্ব্যাখ্যা নিয়ে আনা একটি বিতর্কিত বিলের ওপর ভোটে বিঘ্ন ঘটাতে হাকা নৃত্য পরিবেশন করায় জুনে তে পাটি মাওরির ৩ এমপির সদস্যপদে স্থগিতাদেশ দেওয়া হয়; এটি ছিল দেশটির পার্লামেন্টের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্থগিতাদেশ।
বিতর্কিত ওই বিলটি এখনও পাস হয়ে আইনে পরিণত হতে পারেনি।
মাওরিদের মধ্যে অতিথিদের স্বাগত জানাতে ও যুদ্ধের আগে যোদ্ধাদের উদ্দীপনা যোগাতে এই হাকা নৃত্যের প্রচলন আছে। এই নাচ এখন নিউ জিল্যান্ডের গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানে এবং নিউ জিল্যান্ড রাগবি দলের খেলার আগেও পরিবেশিত হয়।



