যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প, রানওয়েতে ফাটলের শঙ্কা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের (২৮ নভেম্বর) এ ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস এলাকায় ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরেও। রানওয়েতে ফাটল দেখা দেওয়ার আশঙ্কায় অবতরণের ঠিক আগমুহূর্তে একটি যাত্রীবাহী বিমানকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের কাছের শহর ম্যানহাটন বিচের উপকূলীয় এলাকায় ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। মূল কম্পনের পর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়।

ভূমিকম্পে বিভিন্ন স্থানে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এ ছাড়া একটি তেল শোধনাগারে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ার পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা বিভাগ ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতি যাচাই করতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তারা কাজ করছে।

বিভাগটি আরও সতর্ক করে বলেছে, ভূমিকম্প কখন ঘটবে তা আগে থেকে অনুমান করা যায় না। তাই পরবর্তী কম্পন বা পরাঘাতের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

ভূমিকম্পের কারণে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানকে অবতরণ বাতিল করতে হয়। ঘটনাটির ভিডিও স্থানীয় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিমানটি রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ভূমিকম্প আঘাত হানে। রানওয়েতে কোনো ফাটল সৃষ্টি হয়েছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবতরণ না করার নির্দেশ দেওয়া হয় পাইলটকে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, বিমানটির অবতরণ বাতিল করার সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। কারণ, রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত সেখানে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা জানার উপায় ছিল না।

এদিকে ভূমিকম্পের পরবর্তী একটি কম্পনে বিমানবন্দরের একটি সাদা ছাদের প্যানেল খুলে নিচে পড়ে যায়। বিমানবন্দরের একটি টার্মিনালের জানালাও ভেঙে যায়।

তথ্যসূত্র: গলফ নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension