
প্রতিশ্রুতি ভঙ্গ নাকি আদর্শে ছাড়, কোন পথে যাবেন আইজেনকোট?
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। এ চেষ্টায় তিনি সফল হলে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রায় ১৯ বছরের শাসনের অবসান ঘটবে। ব্যর্থ হলে একই দায়িত্ব পেতে পারেন নেতানিয়াহু। জটিল এ প্রক্রিয়ায় দুজনের সামনেই থাকবে কঠিন চ্যালেঞ্জ।
স্থানীয় সময় রোববার বিকেলে আইজেনকোটের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রক্রিয়াটি শুরু হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফায় বৈঠক শেষে গত শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ঘোষণা দেন ইয়াশার পার্টির চেয়ারম্যানকেই সরকার গঠনের প্রথম চেষ্টার দায়িত্ব দেওয়া হবে।
তবে সরকার গঠনের দায়িত্ব পাওয়া মানেই আইজেনকোট দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এমন নিশ্চয়তা নেই। তাঁকে এখন সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। এর জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় পাবেন। একই সময়ে তাঁর চেষ্টাকে ব্যর্থ করতে কাজ করবেন নেতানিয়াহু।
জটিল প্রক্রিয়ার শুরু
ইসরায়েলে ভোটাররা প্রার্থীকে নয়; বরং রাজনৈতিক দলকে ভোট দেন। দলগুলো পরে জোট গঠন করে। ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সরকার গঠনের জন্য অন্তত ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোট জোটের কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের প্রাপ্ত আসন যথাক্রমে ৫৩ ও ৪৮টি। বাকি ১৯টি পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। তারা আইজেনকোটকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। মূলত এ কারণেই ইয়াশার পার্টির নেতাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট।
তবে সরকার গঠনের উদ্যোগে সমর্থন দেওয়া ও জোট সরকারে থাকা এক বিষয় নয়। আরব দলগুলোকে সরকারে জায়গা দেওয়ার ব্যাপারে ইহুদি সংখ্যাগরিষ্ঠ ‘চেঞ্জ ব্লকের’ একাধিক নেতা ইতোমধ্যে আপত্তি জানিয়েছেন। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে আইজেনকোটের ইয়াশারসহ চারটি দল মিলে এই ব্লক গঠন করেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করবেন কি না তা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে গাজা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তিন বছর ধরে যুদ্ধ চলার পর আরবদের সঙ্গে জোট সরকার গঠন করা রাজনৈতিকভাবে কঠিন।
প্রতিশ্রুতি ভঙ্গ নাকি আদর্শে ছাড়?
এপি লিখেছে, আইজেনকোটের সামনে তিনটি পথ খোলা আছে। প্রথমত, নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি। দ্বিতীয়ত, আরব দলগুলোর সমর্থন নেওয়া। তৃতীয়ত, অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতা করা।
প্রথম পথটির বিষয়ে আইজেনকোটের অবস্থান স্পষ্ট নয়। গত শনিবার রাতে তাঁকে ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তবে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে দুই প্রতিদ্বন্দ্বী একমত হতে পারবেন কি না, তা অস্পষ্ট। এ ধরনের জোট ভঙ্গুর হয় এবং প্রায়ই ভেঙে পড়ে।
বাকি দুটি পথে রাজনৈতিক আদর্শ ও বাধ্যতামূলক সামরিক ও জাতীয় সেবা সংক্রান্ত বিরোধ আছে। আরব দলগুলো ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কাজ করে। অপরদিকে অতি-রক্ষণশীল ইহুদিরা তাদের সম্প্রদায়কে বাধ্যতামূলক সেবার বাইরে রাখার দাবি জানায়।
আইজেনকোটের চেঞ্জ ব্লক নির্বাচনের আগে থেকেই বলে আসছে, তারা আরবদের সমর্থনে সরকার গঠন করবে না। একই সঙ্গে সবার ক্ষেত্রে বাধ্যতামূলক সেবার বিষয়টিও তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল। এখন সরকার গঠন করতে চাইলে আইজেনকোটকে নিশ্চিতভাবেই কিছু বিষয়ে ছাড় দিতে হবে। অথবা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের পথ বেছে নিতে হবে।
রাজনৈতিক এসব জটিলতা ঘোচাতে না পারলে শেষ পর্যন্ত আইজেনকোটের সরকার গঠনের চেষ্টা ভেস্তে যেতে পারে। তখন দ্বিতীয় দফায় চেষ্টার জন্য দায়িত্ব পেতে পারেন নেতানিয়াহু।



