
বিজয়ের মাসের প্রথম দিন: উদীচীসহ তিন সংগঠনের আলোর মিছিল
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন সোমবার আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ), ছাত্র ইউনিয়ন (একাংশ) এবং যুব ইউনিয়ন। এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে শিখা চিরন্তনে গিয়ে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন তারা।
শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ। সঞ্চালনা করেন উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সবশেষে শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের ৫৪ বছর পরও এ দেশে মুক্তিযুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। একটি জনযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে নতুন করে চক্রান্ত চলছে। বাহাত্তরের সংবিধানসহ মুক্তিযুদ্ধের চেতনা মুছে দেওয়ার সব অপচেষ্টা দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধের চেতনা কোনো সাম্প্রদায়িক বা মৌলবাদী রাষ্ট্র নয়– এমন মন্তব্য করে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত এ দেশের প্রগতিশীল সব সংগঠন ও দেশপ্রেমিক জনগণের লড়াই অব্যাহত থাকবে।



