
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলার হুমকির প্রেক্ষিতে এ নিরাপত্তা বাড়ানো হয়।
সকাল থেকে আরও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে শক্ত অবস্থান। যারাই ভেতরে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তল্লাশিও করছি।
এর আগে রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল আসে। পরে বিষয়টি বাড্ডা থানায় জানিয়ে জিডি করা হয়।
হুমকির বার্তায় বলা হয়েছে, ৬ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানো হবে। বার্তাটিতে হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকি দেওয়া হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানিয়েছে, অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে হুমকির বিষয়টি তারা পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।



