প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ভিডিও কনফারেন্সে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান ভিডিও কনফারেন্সে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার সকাল ৯ টা থেকে এ সাক্ষাৎগ্রহণ নেওয়া শুরু হয়েছে।

প্রথমদিন উত্তরবঙ্গের রংপুর বিভাগের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার দিয়ে শুরু হয়েছে চারদিনের এ কার্যক্রম। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যগণ। আর দলের মনোনয়ন প্রত্যাশীদের এ সাক্ষাৎকার গ্রহণের সঙ্গে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আগ্রহী প্রার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, নির্দেশনা দিচ্ছেন।

অতীতের নির্বাচনগুলোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করলেও এবার তিনি কারান্তরীণ থাকায় পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব  করছেন খন্দকার মোশাররফ হোসেন।

পার্লামেন্টারি বোর্ডে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম দিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং বেলা আড়াইটা  থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া ১৯ নভেম্বর সোমবার খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে শুরু হবে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

২০ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে। ২১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এবং বিকাল ৩টা থেকে ঢাকা বিভাগের সাক্ষাৎকার শুরু হবে।

এর আগে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে গত সোমবার থেকে শুক্রবার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি। গেল সোমবার প্রথম দিন আট বিভাগ মিলিয়ে মোট ১৩২৬টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১৮৯৬টি, তৃতীয় দিন ৪৮৮টি, চতুর্থ দিনে ৪০২টি এবং শেষ দিনে ৪৬৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension