প্রধান খবরবাংলাদেশ

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধানের নির্দেশনা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  দেশের প্রয়োজনে সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আগামী মাসে দেশে জাতীয় নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধান হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি।

আজ রোববার সকালে সাভার সেনানিবাসে সিএমপিসি এন্ড এস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অ্যাডহক ১১তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে কালার প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, সরকার যে দায়িত্ব সেনাবাহিনীকে দিবে, সেই দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। । সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেনাবাহিনী জাতির সার্বভৌমত্বের প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যে কোনও দায়িত্ব পালনের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অতুলনীয় ভূমিকা রয়েছে। পরবর্তীতে এর অপরিসীম গুরুত্ব অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাহিনীকে যুগোপযোগী ও বিশ্বের একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনায় সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।

জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনার কারণে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। যে কারণে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও বুক ফুলিয়ে আমরা পরিচয় দিতে পারি যে আমরা উন্নয়নশীল জাতিরাষ্ট্রের সদস্য।তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যে মর্যাদা লাভ করেছি তা ২০২৪ সালের মধ্যে টেকসই করতে হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা ধরে রাখতে হবে। এই অগ্রযাত্রার অংশীদার হিসেবে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী।

এর আগে সেনাপ্রধানকে প্যারেড গ্রাউন্ডে স্বাগত জানান জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মো. আকবর হোসেনসহ প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ।

অনুষ্ঠানে এ সময় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি আকবর হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সে, ডিওএইচএস ও সেনা আবাসন প্রকল্প উদ্বোধন করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension