
রয়টার্স এক্সক্লুসিভ: হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য
মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছেন হ্যাকাররা। এতে স্পর্শকাতর কৌশলগত, কর্মী ও সরবরাহ ব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
তিন সূত্রের মধ্যে দুজন জানান, প্রায় এক মাস সিস্টেমটি উন্নত করার কাজ চলার সময় ‘ক্লাউড ওয়ান’-এ এই অনুপ্রবেশের ঘটনা ধরা পড়ে। তাঁরা আরও বলেন, বিষয়টি ধরা পড়ার পর পুরো প্ল্যাটফর্মে কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
হ্যাকারদের পরিচয়, এ অনুপ্রবেশ কতটা গভীরে পৌঁছেছে কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাজনিত অবস্থা, দুর্বলতা কিংবা পরিচালন পরিস্থিতি নিয়ে মন্তব্য করে না। বিমানবাহিনী দপ্তরের তথ্য, ব্যবস্থা ও অভিযানের সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা সব সময় সতর্কতামূলক ব্যবস্থা নিই।’
যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া অন্তত আরও ছয়টি সাইবার ঘটনার ধাক্কা সামলাচ্ছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্য হ্যাক হওয়া, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস হওয়া, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় অনুপ্রবেশ ও অর্থ বিভাগে হ্যাকিং।
এক কেন্দ্রেই সব সেবা
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’-এর উদ্দেশ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তিগত সব চাহিদা এক জায়গা থেকে পূরণ করা। এটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এ চারটি প্রতিষ্ঠানের সেবাকে একত্র করে। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন কিংবা সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণের মতো অসংখ্য অ্যাপ্লিকেশন চালানো হয়।
অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’, যা পুরো উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা রাডার–সংক্রান্ত ও অন্যান্য তথ্য একত্র করে। এ ছাড়া আছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যা বিশ্বজুড়ে মার্কিন বিমানবাহিনীর দুই শতাধিক ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে।
২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। এরপর সেটির দায়িত্ব নেয় লেইডোস।
সাম্প্রতিকতম এ হ্যাকিংয়ের বিষয় নিয়ে মন্তব্য করার অনুরোধে এসএআইসি কোনো সাড়া দেয়নি। লেইডোস এ বিষয়ে প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়ে দিয়েছে।
২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে ‘ক্লাউড ওয়ান’-এর শীর্ষ কর্মকর্তারা ফলাও করে বলেছিলেন, প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের ‘বিস্ময়কর’সংখ্যক চেষ্টা তাঁরা ‘শতভাগ সাফল্যের সঙ্গে’ প্রতিহত করেছেন।
সূত্রগুলোর দুজনের মতে, ‘ক্লাউড ওয়ান’ মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি।
একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা ভেঙে পড়ার ঘটনা অনেক বড় একটি বিষয়।’
একটি সূত্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’কে ডেকেছেন।
এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাইবার কমান্ডও কোনো সাড়া দেয়নি।



