আন্তর্জাতিক

শিগগিরই রাজনীতিতে ফিরছি না: আনোয়ার ইব্রাহিম

রূপসী বাংলা ডেস্ক:জেল থেকে মুক্তি পেয়েছেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  এর মাধ্যমে মালয়েশিয়ার জাতীয় রাজনীতিতে ফিরে আসার পথ তার জন্য পরিষ্কার হলো বলে মনে করা হচ্ছে।

তবে জেল থেকে মুক্তির পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে দেশের জাতীয় রাজনীতিতে শিগগিরই ফিরে আসছেন না বলে আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, হারবার্ড, জর্জটাউন এবং কয়েকটি মুসলিম দেশের সঙ্গে আলোচনার জন্য আমি কিছু সময় নিতে চাই। ফলে একজন সাধারণ নাগরিক হিসেবেই ফিরে যেতে চাই।

আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এবং উপ প্রধানমন্ত্রী ড. ওয়ান আজিজা দেশ চালাবেন এবং তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

বুধবার (১৬ মে) সকালে আনোয়ারকে ক্ষমা ঘোষণা করা হয়। মালয়েশিয়ার নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার এই ক্ষমার জন্য আবেদন করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাহাথির জানান, আনোয়ার ক্ষমা পেয়ে রাজনীতিতে যোগ দানের পর মাহাথির নিজে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন এবং দুই বছরের মধ্যে তিনি আনোয়ারকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান।

আনোয়ারের দল পার্টি কেদিলান রাকাইয়াত (পিকেআর) ও তার নিজের আইনজীবী আর সিবারাসা বলেছেন, পরিবারের পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের মুক্তি দাবি করে আবেদন জানানো হয়েছিল। বলা হয়েছিল, তিনি ভুল বিচারের শিকার হয়ে শাস্তি ভোগ করছেন। এ ছাড়া তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার কথা তুলে ধরা হয়েছিল।

গত বুধবারের নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট ২২২ আসনের পার্লামেন্টে ১১৩ আসনে বিজয়ী হয়। এর মধ্যে আনোয়ারের পিকেআর পায় ৪৮ আসন।

এখন মাহাথির প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালে তিনিই হবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী- জোট গড়ার আগে এমনই চুক্তি হয়েছে তাদের মধ্যে। কিন্তু এরই মধ্যে বলা হয়েছে, ক্ষমতার প্রথম দু’বছর দায়িত্বে থাকবেন মাহাথির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension