
হরমুজ ঘিরে ‘নতুন নিয়ম’ আনার ঘোষণা ইরানের
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলজুড়ে ‘নতুন নিয়ম’ কার্যকরের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, আইআরজিসির নৌ শাখা উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
সংস্থাটি বলেছে, ‘এই জলসীমাকে ইরানের সম্মানিত জনগণের জীবিকার উৎস ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা হবে, পাশাপাশি এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির উৎস হয়ে উঠবে।
’
তবে এই ‘নতুন নিয়ম’ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই কৌশলগত জলপথে চলাচলে বিধি-নিষেধ আরোপ করে।
পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এর ধারাবাহিকতায় ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনাও অনুষ্ঠিত হয়, যদিও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।



