যুক্তরাষ্ট্র

সাবেক এফবিআই প্রধান কোমির বিরুদ্ধে ফের মামলা, ট্রাম্প প্রশাসনের উদ্যোগ

২০১৬ সালে গোপন তথ্য ফাঁসের অভিযোগ, মামলার বৈধতা চ্যালেঞ্জ আইনজীবীদের

শাহ্ জে. চৌধুরী

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে আবারও ফৌজদারি মামলা চালানোর উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০১৬ সালে গণমাধ্যমে গোপন সরকারি তথ্য ফাঁসের অভিযোগে নেওয়া এ পদক্ষেপের আইনি বৈধতা চ্যালেঞ্জ করেছেন কোমির আইনজীবীরা।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ অভিযোগের ক্ষেত্রে ১০ বছরের আইনি সময়সীমা সংরক্ষণের উদ্দেশ্যে ক্রিমিনাল ইনফরমেশন দাখিল করেছে। প্রসিকিউটরদের অভিযোগ, ২০১৬ সালের অক্টোবরে দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্রে গোপন সরকারি তথ্য সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন কোমি।

তবে কোমির আইনজীবীদের দাবি, ফেডারেল আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে গ্র্যান্ড জুরির অনুমোদিত অভিযোগপত্র দাখিল করা প্রয়োজন ছিল। তাঁদের মতে, শুধু ক্রিমিনাল ইনফরমেশন দাখিল করে সেই আইনি শর্ত পূরণ করা যায় না। তাঁরা আদালতের কাছে অভিযোগটি খারিজের আবেদন করেছেন।

কোমি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। অন্যদিকে, বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, আইনি সময়সীমা সংরক্ষণের জন্য এ ধরনের নথি দাখিল ফেডারেল আদালতে স্বীকৃত একটি পদ্ধতি। মামলাটি এখনো চলমান তদন্তের অংশ বলেও জানিয়েছে বিভাগটি।

এর আগে কোমির বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে করা একটি মামলা আদালত খারিজ করে দেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি ঘিরে তাঁর বিরুদ্ধে পৃথক একটি মামলাও রয়েছে।

২০১৭ সালের মে মাসে ট্রাম্প কোমিকে এফবিআই পরিচালকের পদ থেকে বরখাস্ত করেন। সে সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সম্পর্ক নিয়ে এফবিআই তদন্ত চালাচ্ছিল। এরপর থেকে ট্রাম্প ও কোমির মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension