
সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না ট্রাম্প
মহামারীর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে জনসমাবেশ করছেন। সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না তিনি। বরং সংক্রমণ রুখতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, সেখানে প্রচারসভায় ভিড় বাড়াতে গাদাগাদি করে লোক বসানো হচ্ছে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
রোববার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুন ওকলাহোমার টালসায় ব্যাংক অব ওকলাহোমা সেন্টারে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না।
সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৯ হাজার আসনের ওই স্টেডিয়ামে একটি করে আসন ছেড়ে দিয়ে তার সমর্থকদের বসানোর নির্দেশ দেওয়া হয়। আর তার জন্য মাঝখানের ওই চেয়ারগুলোতে লাগিয়ে দেওয়া হয় ‘অনুগ্রহ করে এই আসনে বসবেন না’ স্টিকার।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সংস্থা স্টিকারগুলো তুলে ফেলে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।
এমতাবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে করোনা পরিস্থিতিকে অবহেলা করার অভিযোগ উঠেছে। তিনি শুরু থেকেই করোনাকে গুরুত্ব না দেওয়ার পক্ষে ছিলেন। তিনি এই মহামারীকে সাধারণ ফ্লুর সঙ্গে তুলনা করেছিলেন।
সেই খেসারতই দিতে হলো আমেরিকানদের। ওয়ার্ল্ড-ও-মিটারসের তথ্য বলছে– নিউ ইয়র্ক সময় সোমবার বিকাল ১২টা ৪০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন। আর আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৫১ হাজার ৪৪৬ জন। ⛘



