
প্রধান খবরভারত
সোনিয়া গান্ধী মোদিকে স্বাগত জানিয়েছেন
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ২১ দিনের জন্য ভারত লকডাউনের সিদ্ধান্ত নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, ‘এ প্রসঙ্গে এক চিঠিতে প্রধানমন্ত্রীকে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এটি অত্যন্ত ভালো পদক্ষেপ, এবং এই বিষয়ে ‘সরকারকে সমর্থন করবে’ কংগ্রেস।
সোনিয়া তার ৪ পৃষ্ঠার চিঠিতে লেখেন, ‘কংগ্রেসের সভানেত্রী হিসাবে, আমি বলতে চাই যে আমরা এই মহামারীর সংক্রমণ রোধে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে সমর্থন করেছি এবং আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। পাশাপাশি ওই চিঠিতে করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতিকে সামাল দিতে কিছু পদক্ষেপ করারও পরামর্শ দেন তিনি।’
‘এই চ্যালেঞ্জিং ও অনিশ্চিত সময়ে আমাদের প্রত্যেকেরই উচিত পক্ষপাতদুষ্ট স্বার্থের উর্ধ্বে ওঠে দেশের এবং প্রকৃতপক্ষে মানবতার স্বার্থে নেওয়া পদক্ষেপকে সম্মান করে তিনি আরও লেখেন, তার দল এ ব্যাপারে সরকারকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা দেবে।’
কংগ্রেস সভানেত্রী কেন্দ্রকে এই পরামর্শও দেন যাতে এই সঙ্কটের সময় দেশের সমস্ত ব্যাংকগুলি যাতে এএমআই দেওয়ার নির্দিষ্ট সময় কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করে এবং এই সময়ের জন্যে অন্তত যাতে ব্যাংকগুলির তার জন্যে নির্ধারিত সুদ মকুব করে।
সোনিয়া আরও বলেন, সরকারকে অবিলম্বে দিনমজুর, মনরোগ কর্মী, কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষক এবং অন্যান্য দিন আনি দিন খাই গোছের কর্মীদের জন্যে সরাসরি নগদ টাকা স্থানান্তরসহ সামগ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও কংগ্রেস সভানেত্রী এই সময়ে ১০ কেজি চাল বা গম বিনা মূল্যে রেশন কার্ডধারীদের বিতরণ করার পরামর্শও দেন।
দেশের অর্থনীতি ধুঁকছে করোনাভাইরাসের কারণে। ব্যবসায়িক বিনিয়োগেও ভাঁটা বেশ কিছুদিন ধরেই। এছাড়াও ২১ দিনের এই লকডাউনের বড় ধরণের প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তাই দেশীয় অর্থনীতিকে চাঙা করতে আর্থিক সাহায্যের ঘোষণা করুক মোদি সরকার, এমন কথাও প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিতে উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী।
উল্লেখ্য, দেশটিতে এখনও পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। ♦



