আঞ্চলিকবাংলাদেশ

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

বরিশালের বানারীপাড়ায় বীথি সমদ্দার (২৫) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর ৯৯৯-এ কল করে ঘাতক স্বামী আাত্মসমর্পণ করতে চাইলে পুলিশ তাঁকে আটক করে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার তেতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বীথি সমদ্দারকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ বিকেল পৌনে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, পাঁচ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বীথি সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। তাঁদের সংসারে সুপ্তী রায় নামের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে দাম্পত্য জীবনে বীথি ও সুমন একে অপরকে সন্দেহ করতেন।

সন্দেহ ও পারিবারিক কলহের জেরে আজ বেলা ১১টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন রায় হাতুড়ি দিয়ে বীথির মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা বিষয়টি দেখে সুমনকে আটক করেন।

এ সময় সুমন জনরোষ থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যার কথা জানান এবং পুলিশের কাছে আাত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এসে তাঁকে আটক করে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, আসামি সুমন রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে বীথির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ব্যপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে নিহতের স্বজন ও এলাকাবাসী বীথি সমদ্দারের হত্যাকারী পাষণ্ড স্বামী সুমন রায়ের উপযুক্ত শাস্তির দাবি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension