বাংলাদেশ

অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আগামীকাল রোববার (৩১ মার্চ) থেকে রাজধানীর বহুতল ভবনগুলোর অগ্নিনির্বাপন ব্যবস্থা যাচাইয়ে অভিযানে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় কোনো ভবনে এ ধরনের ব্যবস্থা না থাকলে কিংবা ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করলে তা সিলগালা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। শনিবার সকালে গুলশানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, কাল থেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কাজ শুরু করবে। ঢাকার যেসব বহুতল ভবন ইমারত নির্মাণ বিধিমালা না মেনে নির্মাণ করা হয়েছে, যেসব ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, তা চিহ্নিত করে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিলগালা করে দেওয়া হবে।

তিনি বলেন, কোনো দুর্ঘটনাই ছোট নয়, মানবসৃষ্ট দুর্ঘটনাকে আমরা নিছক দুর্ঘটনা বলবো না, এটা পুরোপুরি হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর। সুতরাং যারা অনিয়ম করে বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করেছেন, তাদের কোনো ছাড় নয়। এমনকি রাজউকের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, ডিএনসিসির এ মার্কেটে বিদ্যুৎ ব্যবস্থা সহনীয় নয়। রাজধানীতে যেসব ভবন তৈরি হয়েছে, সেটা একদিনে তৈরি হয়নি। তাই এসব অবৈধ ভবনকে উচ্ছেদ করতে কিছুটা সময় লাগবে। কিন্তু নতুন ঢাকায় আমরা যেসব স্থাপনা নির্মাণের অনুমতি দিচ্ছি, সেখানে রাজউকের পরিকল্পনার বাইরে চুল পরিমাণ যাওয়ার সুযোগ নেই। একেবারে পরিকল্পিত নগরী গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। কোথাও অনিয়ম হচ্ছে খবর পেলে সরাসরি আমাকে জানান। আমি সরাসরি ব্যবস্থা নেব। আমরা কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension