ভারত

অনাহারে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু: প্রধানমন্ত্রীর মধ্যে কোনও হেলদোল নেই

রূপসী বাংলা ডেস্ক:নয়াদিল্লিতে অনাহারে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করল কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত অভিযোগ করেন, জাতীয় নাগরিক রেজিস্টার (এনআরসি)-কে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করছে বিজেপি।

তিনি বলেন, আগে ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকায় অপুষ্টি বা অনাহারে মৃত্যু হতো বলে জানা যেত। কিন্তু, এখন প্রধানমন্ত্রীর নাকের ডগায় খোদ রাজধানীতে তিন শিশুর মৃত্যু হল। তা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর মধ্যে কোনও হেলদোল নেই।

অসমের ভারপ্রাপ্ত নেতার সদ্য দায়িত্ব পাওয়া রাওয়াতের আরও অভিযোগ, বিজেপির কাছে সব ইস্যুই ভোটকেন্দ্রিক। তিনি বলেন, বিভাজনকারী উদ্দেশ্যের জন্য বিজেপি এনআরসি-কে ব্যবহার করছে। অনেকেই আশঙ্কা করছেন, রাজনৈতিক কারণে কিছু সত্যিকারের ভারতীয় নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

রাওয়াত জানান, সত্যিকারের ভারতীয় নাগরিকদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য হেল্পলাইন চালু করবে কংগ্রেস। সেখানে, বাদ পড়া নাগরিকদের নাম নথিভুক্তিকরণে সহায়তা দেবে দল। তিনি যোগ করেন, আবেদনকারীদের আইনি সহায়তার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি প্যানেলও তৈরি করা হবে।

রাওয়াত জানান, সম্প্রতি লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন রাহুল গাঁধী মোদী সরকারের ব্যর্থতাগুলি তুলে ধরেন। একইসঙ্গে, আগামীবছর সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গড়ে তোলারও আহ্বান জানান। প্রসঙ্গত, গত ২৪ তারিখ, অনাহারে দিল্লিতে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension