
অপারেশন-জরুরি বিভাগ ছাড়া রোগীর অক্সিজেন লাগে না: বিপ্লব দেব
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সরকারি হাসপাতালে খরচ দিয়ে চিকিৎসা বিতর্ক ঢাকতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। এবার তিনি বলেছেন, কেবলমাত্র অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগ ছাড়া রোগীর অক্সিজেন লাগে না।
এর আগেও অক্সিজেন নিয়ে অভিনব তত্ত্ব তিনি তুলে ধরে বলেছিলেন, হাঁস জলে সীঁতার কাটলে পুকুর ঝিলে অক্সিজেনের মাত্রা আপনা আপনি বেড়ে যায়। সেই বাড়তি অক্সিজেনটা জলজ প্রাণীদের কাজে লাগে।
রাজ্যের সরকারি হাসপাতালে নিখরচায় রোগীদের চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার বিষয়ে বুধবার আগরতলায় সাংবাদিক বৈঠক করেন বিপ্লব দেব। সেখানেই তিনি বিরোধী সিপিএম ও কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি নোটিশ কী বলা হয়েছে, সেটা পুরোপুরি অনুধাবন না করেই বিরোধীরা অযথা বিতর্ক করছে। সরকার কোনওভাবেই নিখরচায় চিকিৎসা পরিষেবা তুলে দিতে চায় না। তবে যারা এপিএল তালিকাভুক্ত তাদের খরচ দিয়েই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হবে।
এই প্রসঙ্গে তিনি রোগীদের অক্সিজেন সরবরাহ করার বিষটি তুলে ধরে জানান, আগরতলা জিবি হাসপাতালে (গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল) রোগীদের জন্য পাইপলাইনে অক্সিজেন সরবরাহ করার কাজ চলছে। কিন্তু অপারেশন ও এমার্জেন্সি রোগী ছাড়া বাকিদের তো অক্সিজেন লাগে না।
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে হতচকিত হয়ে পড়েন সবাই। পরে চিকিৎসকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁরা জানাচ্ছেন, অনেকে এমন আছেন যাঁরা অপারেশন বা এমার্জেন্সির রোগী নন, তাদেরও অক্সিজেন লাগে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে লাগাতার বেফাঁস মন্তব্য করে পরিচিত হয়েছেন বিপ্লব দেব। তাঁর মন্তব্যগুলি বারবার বিতর্ক তৈরি করেছে। মহাভারতের যুগে ইন্টারনেট ও স্যাটেলাইট থাকার কথা তারই মধ্যে বহু চর্চিত।



