
অসমের পর কর্ণাটকে শুরু ‘বাঙালি খেদাও’ অভিযান
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: উত্তর পূর্বের রাজ্য অসমের এনআরসি নিয়ে বিতর্ক চলছেই। নাগরিকপঞ্জি বা এনআরসি-র নামে অসমে বাঙালি খেদাও অভিযান শুরু হয়েছে বলে উঠেছে অভিযোগ। এবার সেই একই অভিযোগ উঠল দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে।
বৃহত্তর কর্ণাটকের অতি পরিচিত একটি জায়গা হচ্ছে হোয়াইট ফিল্ড। কলকাতার রাজারহাটের সঙ্গে হোয়াইট ফিল্ডের তুলনা করা যায়। ফাঁকা জমিতে অনেক ফ্ল্যাট হচ্ছে। অনেক মানুষ সেখানে বসবাস করে। হয়াইট ফিল্ডে বসবাসকারীদের অধিকাংশই বাঙালি।

হোয়াইট ফিল্ডের বস্তি এলাকায় বসবাসকারী বাংলাভাষী মানুষদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় পুর কর্তৃপক্ষ। পুরসভার পক্ষ থেকে অভিযগ করা হয়েছে ওই ওই বস্তিতে থাকা মানুষেরা সকলেই বাংলাদেশের নাগরিক। অবৈধ উপায়ে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছে।

যদিও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুর নির্দেশের কবলে পড়া সকলেই পশ্চিমবঙ্গের নাগরিক। বাংলাদেশী তকমা দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রথমে স্থির করা হয়েছিল যে ওই বস্তির বাসিন্দাদের কলকাতার ট্রেনে তুলে দেওয়া হবে। গত সোমবার ছিল চুড়ান্ত সময়সীমা। কিন্তু স্থানীয় বামপন্থীদের আন্দোলনের মুখে পিছু হটতে হয়েছে বেঙ্গালুরু পুরসভাকে। পুর নির্দেশ দুই দিনের জন্য পিছিয়ে গিয়েছে।

কর্ণাটক রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে কংগ্রেস এবং জেডি(এস) জোট। কিন্তু হোয়াইট ফিল্ড এলাকার বিধায়ক আবার বিজেপি নেতা। এই উচ্ছেদ সংক্রান্ত সমগ্র কর্মকাণ্ডের পিছনে মহাদেবপুরার বিজেপি এমএলএ এবং ওই রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরবিন্দ লিম্বাভালি রয়েছেন বলে অভিযোগ।



