প্রধান খবরভারত

মোদী কি ভগবান? প্রশ্ন আসাদুদ্দিন ওয়াইসির

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে জমে উঠেছে বিভিন্ন দলের প্রচার। শুরু হয়েছে আক্রমণ এবং পালটা আক্রমণ। যার বড় উদাহরণ দেখা যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যে।

বিভিন্ন রাজনৈতিক দল লড়াইয়ের ময়দানে থাকলেও হায়দরাবাদে সর্বাধিক প্রচারিত নাম হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। যাকে আবার সর্বক্ষণ আক্রমণ করে চলেছে বিজেপি। নিত্যদিন দুই পক্ষের বাকযুদ্ধ লেগেই রয়েছে।

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে পালিয়ে যাবেন আসাদুদ্দিন৷ তেলেঙ্গানায় ভোট প্রচারে গিয়ে এমনই উপহাস করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জবাব দিলেন আসাদুদ্দিন৷ জানান, কোনও শক্তি তাঁকে রাজ্য বা দেশ ছাড়তে বাধ্য করতে পারবে না৷

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। মোদীর মৌন অবস্থানকে আবার আক্রমণ করেছেন আসাদুদ্দিন। তিনি বলেছেন, “একজন বিজেপি মুখ্যমন্ত্রী আমাদের তাড়িয়ে দেওয়ার কথা বলল। আমরা কী প্রধানমন্ত্রীকে কিছুই বলতে পারব না। প্রধানমন্ত্রী কী স্বঘোষিত ভগবান।”

নরেন্দ্র মোদী গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। এবং তাঁর সমালোচনার করার অধিকার সকলের আছে বলে দাবি করেছেন আসাদুদ্দিন।

আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানার ১১৯টি আসনের ভোট৷ তাই রাজ্যে এখন জোর কদমে চলছে ভোট প্রচার৷ তেমনই এক নির্বাচনী জনসভায় গিয়ে যোগী বলেছিলেন, ‘‘রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে আসাদুদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা থেকে পালিয়ে যাবেন৷ ঠিক যেমন নিজামরা হায়দরাবাদ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল৷’’

এর কয়েকঘণ্টা পরই মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন দলের নেতা ও সাংসদ যোগীর মন্তব্যের জবাব দেন৷ বলেন, ‘‘ভারত তাঁর পূর্বপুরুষদের দেশ৷ কোনও শক্তি তাঁকে দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে না৷ এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে ধর্মগুরু আদম স্বর্গ থেকে পৃথিবীতে আসার পর ভারতে পা রাখেন৷’’

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ইতিহাসকে বিকৃত করার অভিযোগ আনেন তিনি৷ জানান, নিজাম মীর অসমান আলি খান হায়দরাবাদ ছেড়ে পালিয়ে যাননি৷ চিনের সঙ্গে যুদ্ধের সময় ভারতকে তিনি সোনা দিতে চেয়েছিলেন৷ আসাদুদ্দিন আরও জানান, এরকম হুমকি ও প্রচারকে তিনি ভয় পান না৷ বরং যোগীর উচিত তাঁর কেন্দ্রের দিকে নজর দেওয়ার৷ প্রতি বছর এনসেফেলাইটিসে তাঁর কেন্দ্রের ১৫০ শিশুর মৃত্যু হয়৷

এর আগেও যোগী আদিত্যনাথের সমালোচনায় মুখ খুলেছিলেন আসাদুদ্দিন৷ কংগ্রেস নেতা কমল নাথের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ ওঠার পর যোগী বলেছিলেন, ‘‘আপনার আলি আপনার কাছে রাখুন৷ আমাদের বজরং বলি যথেষ্ট৷’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension