
আগামিকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা বৈধ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: শেষ ২৪ ঘণ্টায় এসে পড়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের প্রচার প্রচারণার সময় শেষ হয়ে যাচ্ছে আগামিকাল শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ৮টায়। এরপর থেকে কোনও প্রার্থী ও রাজনৈতিক দল আর নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে গেছে।ভোটের দিন ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রায় ১ কোটি ২৩ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। আর ৩০০ আসনে মোট ভোটার রয়েছেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার।
ইসি সচিবালয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরপিও অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে কোনও ব্যক্তি ও রাজনৈতিক দল নির্বাচনী প্রচার করতে পারবেন না। আরপিওর ৭৮(১) ধারায় বলা হয়েছে, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর কোনও ব্যক্তি, প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউই নির্বাচনী এলাকায় কোনও ধরনের সভা-সমাবেশ আয়োজন বা এতে যোগ দিতে পারবেন না।
এ হিসেবে ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল এবং শোভাযাত্রা বন্ধ। এ সময়ে কোনও জোর প্রদর্শনও করা যাবে না। ইসি আজ বৃহস্পতিবার সারাদিন নানাভাবে এ তথ্য প্রচার করবে। যাতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটাররা সচেতন হন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময়সীমা সংক্রান্ত বিষয়টি এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে কেউ এ বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারেন।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হয়েছে। এ নির্বাচনে নিবন্ধিত সব কটি (৩৯টি) রাজনৈতিক দলই অংশ নিচ্ছে। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮০০ এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে বিপুলসংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থী অংশ নেওয়ায় এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল। তত্ত্বাবধায়ক ইস্যুতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপিসহ বেশিরভাগ দল বর্জন করে।
এবারই প্রথম ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। যদিও এ মেশিন ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৭ লাখ কর্মকর্তা। আর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ লাখের বেশি সদস্য। এরই মধ্যে সেনা ও নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।



