
আটলান্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালন
সুব্রত চৌধুরী-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শেখ কামাল মনজু,মোঃ বেলাল হোসেন, ঝুলন পাল,সিরাজুল ইসলাম,রওশনউদদীন, সারোয়ার হোসাইন সুমন,গফুর মিয়া, সিরাজুল হক, শেখ আমিন, মুক্তাদির রহমান,আবু নসর, মিজানুর রহমান,আনিসুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বাংলাদেশের মানুষ জাতীয় শোক দিবস পালন করতে পারে না। একটি ফ্যাসিস্ট গোষ্টি স্বাধীনতার সূতিকাগার বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে ।আজ বঙ্গবন্ধু প্রেমীরা তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে পারে না। সারা দেশে জাতির জনকের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে। বক্তারা এসব হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে বাংলাদেশ এগুতে পারবে না। বঙ্গবন্ধু বিশ্ব দরবারে এক বরনীয় বীর।সারা বিশ্বের বঙ্গবন্ধুর অনুসারীরা আজ ঐক্যবদ্ধ।আমরা নিশ্চিত এই ঘোর অমানিশা শীঘ্রই কেটে যাবে ।
বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



