
আটলান্টিক সিটিতে বৈশাখ উদযাপন
আটলান্টিক সিটি: গত মঙ্গলবার (৩০ এপ্রিল) নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফেয়ারমাউন্ট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওইদিন বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি। ওইদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির শেরিফ জো ওডোনগু এবং ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্ডার সবাইকে নববর্ষের শুভেচছা জানান।
‘নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা’ উদযাপন কমিটির আহ্বায়ক মাসুদ চৌধুরী ও সদস্য সচিব মো. মনিরুজামান, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের নববর্ষের শুভেচছা জানান।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান, আবৃত্তি, ছড়া ও কবিতা পাঠ, চিত্রাংকন ও বৈশাখী মেলা। বৈশাখী মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু, পিঠা-পুলি, পোশাক-পরিচ্ছদ, খেলনা, গহনাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার ছিল। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী আফজাল হোসেন ও শীলা আজিজ।এছাড়া বাউল সংগীত পরিবেশন করেন মাসুম বাউল।আবৃত্তি পরিবেশন করেন মাহারউদদীন খোকন। স্বরচিত ছড়া পাঠ করেন লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী ও স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক, কবি ও গীতিকার আবু নসর।
প্রবাসী বাংলাদেশিরাসহ অন্যান্য কমিউনিটির লোকজন প্রাণের আমেজে বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বৈশাখের রঙে নিজেদেরকে রাঙিয়ে তোলেন ।



