
আটলান্টিক সিটিতে শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড আয়োজিত
আটলান্টিক সিটি প্রতিনিধি: আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ। চারদিকে সাজ সাজ রব। বাড়িঘর, রাস্তাঘাট, শপিংমল, পার্ক জুড়ে বাহারি ও আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যায়। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক সিটিতেও।
গত শনিবার (২ ডিসেম্বর) আটলান্টিক সিটিতে আয়োজিত হয়ে গেল শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড। ওইদিন দুপুর বারোটায় প্যারেডের গ্র্যান্ড মার্শাল অভিনেতা ও কমেডিয়ান কেলসে গ্রামারের নেতৃত্বে আটলান্টিক সিটির পপ লয়েড স্টেডিয়াম থেকে এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে গিয়ে শেষ হয়।
সিটির পুলিশ বিভাগ, ইউএস কোস্ট গার্ড ,অগ্নি নির্বাপন বিভাগ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, লা কাসা ডমিনিকাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে নেচে গেয়ে শারীরিক কসরত প্রদর্শন করে।
প্যারেড চলাকালীন উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে হলিডে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।
হলিডে প্যারেডে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পাবলিক স্কুল সমূহের সুপারিনটেনডেনট ড. লা কোয়েটা স্মল,আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।



